চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অনুমোদনবিহীন ও পরিবেশদূষণকারী ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে তিনটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং উৎপাদন কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বৈধ অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনা, অতিরিক্ত ধুলো–ধোঁয়া তৈরি, কৃষিজমির ক্ষতি এবং পরিবেশ সংরক্ষণ আইনের একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ইটভাটা তিনটি হলো—মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (KMR), মেসার্স কেবিএম ব্রিকস (KBM) এবং মেসার্স শাহ আমানত ব্রিকস (SAB)।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা। সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব-৭, আনসার বাহিনী, রাঙ্গুনিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
তবে রাঙ্গুনিয়ায় সরফভাটা, পোমরা, বেতাগি, ইসলামপুরসহ ৭০টির উপরে অবৈধ ইটভাটা রয়েছে, শুধুমাত্র ৩টি ওপর অভিযান কেন? এ নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর জানায়, অনুমোদনবিহীন ও পরিবেশদূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে।













