নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি সংরক্ষণ এবং বাংলার নবাবি ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ (এনএসএসপি)। এ লক্ষ্যে বেগম লুৎফুন্নিসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১০ নভেম্বর ঢাকায় বিশেষ হেরিটেজ ট্যুর ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের একটি প্রতিনিধি দল রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করে। এর মধ্যে ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হল, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বিপরীতে অবস্থিত নবাব সিরাজউদ্দৌলা ও বেগম লুৎফুন্নিসার স্মৃতিবিজড়িত আমগাছ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব স্যার সলিমুল্লাহ হল। এ ছাড়া মুঘল আমলের স্থাপত্যশৈলীর নিদর্শন হুসেইনি দালান ইমামবাড়া মসজিদ পরিদর্শন করেন তাঁরা। পরে নবাব সিরাজউদ্দৌলার অষ্টম বংশধর প্রয়াত প্রকৌশলী সৈয়দ গোলাম মোস্তাফা ও তাঁর সহধর্মিণী সৈয়দা হোসনে আরা বেগমের কবর জিয়ারত করা হয়।

কর্মসূচির শেষ পর্যায়ে প্রতিনিধি দলটি যায় কেরানীগঞ্জের ঐতিহাসিক জিনজিরা প্রাসাদে। সেখানে বেগম লুৎফুন্নিসার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নবাব সিরাজউদ্দৌলার নবম বংশধর হিসেবে পরিচিত সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা।
নবাব সিরাজউদ্দৌলার জীবন, আদর্শ ও ঐতিহাসিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নবাব পরিবারের ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে চলতি বছর নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক স্থাপনা সংস্কার ও সংরক্ষণ, নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি ও আদর্শের চর্চা এবং তাঁর নামে ‘নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পুরস্কার’ প্রবর্তন সংগঠনটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে
বাংলার ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়ের সাক্ষী জিনজিরা প্রাসাদ। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর তাঁর স্ত্রী বেগম লুৎফুন্নিসা, মা আমিনা বেগম, কন্যা উম্মে জোহরাসহ পরিবারের কয়েকজন নারী সদস্যকে এ প্রাসাদে বন্দি রাখা হয়েছিল। দীর্ঘদিন তাঁদের বন্দিজীবন কাটে সেখানে। ফলে প্রাসাদটি শুধু একটি পুরোনো স্থাপনা নয়, বরং বাংলার নবাবি ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন।
তবে ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ স্মারক আজ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যথাযথ সংরক্ষণ ও সংস্কারের অভাবে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এর ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্যিক নিদর্শন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের স্থাপনা সংরক্ষণ করা গেলে নতুন প্রজন্মের কাছে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা সহজ হবে।

জিনজিরা প্রাসাদে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলার সাক্ষাৎকার নেন দেশ টেলিভিশনের সাংবাদিক তাবিবুর রহমান, ঢাকার কণ্ঠের শেখ ফরহাদ, প্রথম আলোর ইকবাল হোসেন রতন, দৈনিক ইত্তেফাকের মুহাম্মদ এনামুল হাসানসহ স্থানীয় সাংবাদিকেরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব মো. শওকত আকবর, চেয়ারম্যান সৈয়দ গোলাম আব্বাস আরেব, মহাসচিব ও দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, প্রচার ও প্রচারণা সম্পাদক ফারহানা নীলা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ শাহ আলম, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ও উপদেষ্টা শেখ স্বাধীন এবং চিত্রসাংবাদিক আল মাসুম সবুজসহ সংগঠনের অন্য প্রতিনিধিরা।
উল্লেখ্য, নবাব সিরাজউদ্দৌলার জীবন, আদর্শ ও ঐতিহাসিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং নবাব পরিবারের ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে চলতি বছর নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক স্থাপনা সংস্কার ও সংরক্ষণ, নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি ও আদর্শের চর্চা এবং তাঁর নামে ‘নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পুরস্কার’ প্রবর্তন।
আয়োজকদের ভাষ্য, এ আয়োজনের মধ্য দিয়ে নবাব পরিবারের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। কর্মসূচি সফল করতে সংগঠনের মহাসচিব ফাইজুল ইসলাম ও ছাত্রনেতা শেখ স্বাধীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানান নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা। এ উদ্যোগে বিভিন্ন সংগঠনের তরুণ নেতৃবৃন্দ এবং পলাশ ফটো ভিশনের কর্ণধার কালিম সান্টু শুভেচ্ছা জানান।












