জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘জুলাই সংগ্রাম পরিষদ’। শুক্রবার বাদ জুমা নজরুলের মাজারের গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নজরুলের মাজারকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা এবং সেখানে অবাধ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চর্চার পরিবেশ নিশ্চিত করতেই এ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন; তিনি সাম্য, মানবতা, বিদ্রোহ ও আধ্যাত্মিকতার প্রতীক। তাঁর মাজারে প্রবেশ, জিয়ারত এবং সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা সৃষ্টি করা তাঁর আদর্শের পরিপন্থী এবং জাতির সাংস্কৃতিক চেতনার ওপর আঘাত।
কর্মসূচিতে কবি, শিল্পী, সাহিত্যিক, শিক্ষার্থী এবং সর্বস্তরের সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় গান, কবিতা ও কাওয়ালি পরিবেশন করা হয়।
বক্তারা আরও বলেন, নজরুলের মাজার অবরুদ্ধ করে রাখার মাধ্যমে জনগণের কাছ থেকে নজরুলকে দূরে সরিয়ে রাখতে চায় একটি কালচারাল ফ্যাসিস্ট গোষ্ঠী। দেশের সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে মাজার জিয়ারত করতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তারা নজরুলের মাজারকে কেন্দ্র করে একটি আধ্যাত্মিক-সাংস্কৃতিক জাগরণের আহ্বান জানান। বক্তাদের ভাষ্য, বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের কেন্দ্র হতে পারে নজরুলের মাজার। এ স্থানকে ঘিরে নিয়মিত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজনের পাশাপাশি কবি, শিল্পী, ফকির, দরবেশ ও সাধকদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা।
এ ছাড়া নজরুলের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতে মাজারে জাতীয়ভাবে ওরশ পালনের দাবিও জানানো হয়।
সংগঠনটি আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত মাজার উন্মুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাই সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবু বকর সিদ্দীক প্রান্তর, ইকবাল চর্চা কেন্দ্রের প্রধান মাহফুজ এলাহি, চিন্তক ও লেখক আরিফ রহমান, গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি আরিফ সোহেল ও খান মুহাম্মদ মুরসালিন, লেখক ও অ্যাক্টিভিস্ট মুস্তাফিজুর রহমান মাসুদ, অ্যাডভোকেট হাবিব রহমান, অ্যাক্টিভিস্ট তৌহিদ খান এবং ডা. বখতিয়ার মুজাহিদ সিয়াম। এ ছাড়া জুলাই সংগ্রাম পরিষদ ও সিলসিলার কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছে ‘জুলাই সংগ্রাম পরিষদ’।













