কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্লকে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন আবাসিক শিক্ষার্থীরা। বারবার অভিযোগ জানানোর পরেও সমাধান না হওয়ায় ক্ষোভে অফিস ও প্রভোস্ট কার্যালয় তালাবদ্ধ করে দেন তারা।
শনিবার (১১ এপ্রিল) বেলা ২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহম্মদ নসরুল্লাহর পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা হলের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বাধ্য হয়ে তারা এ কর্মসূচিতে যান।
তাদের অভিযোগ, হল ফান্ডে অর্থ সংকট ও কর্মচারীদের বেতন বকেয়ার কথা বলা হলেও প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত হল ফি আদায় করা হচ্ছে। এরপরও কাঙ্ক্ষিত সেবা কেন পাচ্ছেন না, প্রশ্ন তাদের।
তারা আরও বলেন, অপরিচ্ছন্নতার কারণে টয়লেট ব্যবহার অস্বাস্থ্যকর, ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সুপেয় পানির সংকট রয়েছে এবং অনেক জায়গায় লাইট নষ্ট। পাশাপাশি হলের খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। এছাড়াও স্থায়ী পরিচ্ছন্নতাকর্মী ও হাউজ টিউটর, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা এবং প্রভোস্টকে নিয়মিত অফিসে না পাওয়ার কারণে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে রয়ে গেছে।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, হলের সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে, তবে এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। তিনি জানান, আগে প্রশাসন থেকে পরিচ্ছন্নতাকর্মীদের বেতন দেওয়া হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। হল থেকে বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্ট কর্মী তাতে সম্মত হননি।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহম্মদ নসরুল্লাহ বলেন, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের সমস্ত অভিযোগগুলো মঙ্গলবার (১৪ এপ্রিল) শুনব এবং সে অনুযায়ী পদক্ষেপ নেব।













