তরুণ প্রজন্মকে ভোটাধিকার, নির্বাচন, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে নির্বাচনি অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডে গণতন্ত্র, নির্বাচন, সংবিধান, মুক্তিযুদ্ধ, জুলাই ২৪, বাংলাদেশ ও বিশ্বের ইতিহাস ও ঐতিহ্যের উপর ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা প্রভাষক তন্ময় সাহা জয়। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহিন, সংগঠনটির যশোর অঞ্চলের রিজিউনাল কো–অর্ডিনেটর খোরশেদ আলম ও গিয়াস উদ্দিন; কো–অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন ও কেন্দ্রীয় অ্যাকাউন্টস অফিসার অধিশ দাস।
সংগঠনটির যশোর অঞ্চলের কো–অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন বলেন, ‘এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যুক্ত হয়ে চাকরি ক্ষেত্রসহ বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। বর্তমানে শুধু পড়াশোনা করেই চাকরি ক্ষেত্রে সফল হওয়া যায় না; বরং এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে নিজেদের আরও যোগ্য করে তুলতে হয়। আমাদের সংগঠনটি তারই জায়গা করে দিচ্ছে।’
সংগঠনের উপদেষ্টা প্রভাষক তন্ময় সাহা জয় বলেন, ‘একটি দেশের ভালো নাগরিক হতে অবশ্যই সমাজ, সংবিধান, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের প্রয়োজন।’













