ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের স্থবির থাকা একাডেমিক কার্যক্রমকে গতিশীলে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করে বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা।
মানববন্ধনে ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় বক্তারা বলেন, বিভাগের শিক্ষককে বহিষ্কার করায় কার্যক্রম অচল করে দেওয়া হয়েছে। বিগত দুই সপ্তাহ ধরে বিভাগের ক্লাস-পরীক্ষাসহ কোনো অফিসিয়াল কার্যক্রম হচ্ছে না।
তারা আরও বলেন, আমাদের বিভাগে যে স্থবিরতা ও প্রহসন সৃষ্টি হয়েছে, তা বন্ধ হোক। তা বন্ধ করতে যদি শিক্ষককে ফিরিয়ে দিতে হয়, তাহলে তা করা হোক অথবা প্রশাসনের যথাপোযুক্ত ব্যবস্থা নিতে হবে।
এছাড়াও প্রশাসন যদি দ্রুত দাবি না মানে, তাহলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় জুলাই গণ-অভ্যুত্থ্যান বিরোধী সংশ্লিষ্টতায় ১৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এর মধ্যে ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ১ জন সহকারী অধ্যাপক মেহেদী হাসান। বিভাগের অন্যান্য শিক্ষকদের মধ্যে ১জন ইউজিসিতে প্রশিক্ষণরত ও ১জন পিএইচডি ডিগ্রির জন্য বিদেশে রয়েছেন। বর্তমানে বিভাগে শিক্ষক সংখ্যা ২জন যার মধ্যে চলতি মাসে ১জন সদ্য নিয়োগ প্রাপ্ত।













