যুদ্ধ মানেই সাধারণত ক্ষমতা, সম্পদ, ভূখণ্ড কিংবা ধর্মীয় দ্বন্দ্ব—এমনটাই আমরা জেনে এসেছি। কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধের গল্পও আছে, যেগুলোর কারণ শুনলে অবাক হতে হয়। এমনই অদ্ভুত আর হাস্যকর সব কারণে সংঘটিত কিছু যুদ্ধ নিয়েই এই আয়োজন।
আসুন, জেনে নিই বিশ্বের অদ্ভুত সব যুদ্ধের গল্প
১। ওয়ার অব জেনকিন্স ইয়ার
সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি হলো ‘জেনকিন্সের কান যুদ্ধ।’ ১৭৩৯ সালে ব্রিটেন ও স্পেনের মধ্যে এই যুদ্ধের সূত্রপাত হয়। স্প্যানিশ কোস্ট গার্ড এক ব্রিটিশ নাবিক রবার্ট জেনকিন্সের কান কেটে নেয়। কয়েক বছর পর জেনকিন্স সেই কাটা কান ব্রিটিশ পার্লামেন্টে দেখালে জনমত উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত একটি কানের ঘটনাই দুই দেশের মধ্যে যুদ্ধ বাধিয়ে দেয়।
২। দ্য পিগ ওয়ার
১৮৫৯ সালে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ-শাসিত কানাডার মধ্যে এই সংঘাত শুরু হয় মাত্র একটি শূকর হত্যাকে কেন্দ্র করে। সীমান্তবর্তী এলাকায় এক মার্কিন কৃষক তার জমিতে ঢুকে পড়া একটি ব্রিটিশ শূকর গুলি করে মেরে ফেলেন। এই সামান্য ঘটনাই দুই দেশের সেনা মোতায়েনের কারণ হয়। যদিও শেষ পর্যন্ত কোনো বড় রক্তপাত ছাড়াই যুদ্ধের অবসান ঘটে।
৩। দি পেস্ট্রি ওয়ার
ইতিহাসের অন্যতম অদ্ভুত যুদ্ধগুলোর একটি হলো পেস্ট্রি ওয়ার। ১৮৩৮ সালে ফ্রান্স ও মেক্সিকোর মধ্যে এই যুদ্ধের সূচনা হয় একটি বেকারির ক্ষতিপূরণ দাবিকে কেন্দ্র করে। মেক্সিকো সিটিতে এক ফরাসি পেস্ট্রি বিক্রেতার দোকান ভাঙচুর হয়, কিন্তু তিনি ক্ষতিপূরণ পাননি। ফরাসি সরকার এই ঘটনাকে সম্মানের প্রশ্ন হিসেবে নেয় এবং মেক্সিকোর কাছে ক্ষতিপূরণ দাবি করে। দাবি মানা না হলে ফ্রান্স নৌবহর পাঠিয়ে মেক্সিকোর বন্দর অবরোধ করে। একটি পেস্ট্রির দোকান থেকেই শুরু হয় আন্তর্জাতিক যুদ্ধ—যা ইতিহাসে উদ্ভট কারণের যুদ্ধ হিসেবে জায়গা করে নিয়েছে।













