মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করতে মাইন্ডরিডার ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’ প্রকল্পের প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়ায় উইনার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ কর্মশালায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীসহ প্রায় ১৫০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ হয়ে ওঠে।
কর্মশালায় মানসিক স্বাস্থ্য কী, মানসিক অসুস্থতার তুলনামূলক কম গুরুতর ও গুরুতর লক্ষণ কীভাবে চেনা যায়, মানসিক সুস্থতা কী এবং কীভাবে তা বজায় রাখা যায়—এসব বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মানসিক অসুস্থতার ক্ষেত্রে কোথায় সহায়তা পাওয়া যায় এবং প্রয়োজনের সময়ে সহযোগিতা নেওয়া কেন গুরুত্বপূর্ণ, সে বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
প্রথম পর্যায়ে ঢাকার ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও নিজেদের উদ্যোগে কর্মশালা পরিচালনা করা হবে
পুরো কর্মশালাজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রশ্ন ও মতামতে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। কর্মশালা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া ও মূল্যবান মতামত পাওয়া যায়। বিশেষ করে শিক্ষকদের প্রশংসা ও গঠনমূলক পরামর্শ আয়োজকদের এ উদ্যোগ আরও এগিয়ে নিতে উৎসাহিত করেছে।

‘মনের যত্ন সবার আগে’ প্রকল্পের প্রথম কর্মশালাটি বাস্তবায়নে নেতৃত্ব দেন প্রকল্প ব্যবস্থাপক রুবাইয়া আমিন অর্পা। আয়োজনে তাঁর সঙ্গে ছিলেন প্রকল্পের সদস্য সুখি আক্তার লামিয়া, নুরুন্নাহার আক্তার ও রাজিয়া সুলতানা ঝুমুর।

মাইন্ডরিডার ফাউন্ডেশন জানিয়েছে, প্রথম পর্যায়ে ঢাকার ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও নিজেদের উদ্যোগে কর্মশালা পরিচালনা করা হবে।













