রাজধানীর উত্তরার ১৮ নং সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের (রুয়াপ) ইতিহাসে প্রথমবারের মতো ‘ম্যসিভ ক্লিন অপারেশন’ বা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উত্তরা সেক্টর-১৮ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (উষা) দাবির প্রেক্ষিতে এবং ওয়ান ব্যাগ ট্র্যাশ-এর সহযোগিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্যব্যবস্থাপনার একটি বিশাল টিম এতে অংশগ্রহণ করে।
ডিএনসিসির প্রশাসক, পরিবেশবিদ ও নদী গবেষক মোহাম্মদ এজাজের সরাসরি তত্বাবধানে এবং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পরিচালিত হয় এই অভিযান। প্রশাসক নিজে এই অভিযানে সরাসরি উপস্থিত থাকতে চেয়েছিলেন। কিন্তু অফিসের জরুরি কাজের কারণে শেষ পর্যন্ত তিনি আসতে পারেন নি।তবে তার সার্বিক নির্দেশনায় সংশ্লিস্টরা কর্মযজ্ঞটি সম্পন্ন করেন।

পরিছন্নতা অভিযানে ডিএনসিসির ৭টি জোনের মোট ৪৭০ জন শ্রমিক অংশগ্রহণ করেন। ১টিপোলোডার গাড়ি, ২টি ব্যাকহোলেডার গাড়ি, ১১ টি ছোট-বড় ড্রাম ট্রাক, ১৫টি পিকআপ এবং ১৪টি ভ্যানগাড়ি ব্যবহৃত হয় পরিচ্ছন্নতা-কর্মযজ্ঞে।
এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ফরহাদ, অঞ্চল ১, ২, ৪, ৬, ৭, ৮ ও ৯-এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং ইনস্পেক্টর ও সুপারভাইজাররা। এ সময় নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. এনায়েত হোসেন বিএনসহ কমান্ডার মাহমুদ বিএন উপস্থিত ছিলেন।

এ সময় উত্তরা সেক্টর-১৮ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব শওকত আকবর, সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজহার আলী মিঞা, সহসভাপতি কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী (ইকবাল), সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক ফাইজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন (ফরহাদ), অ্যাসোসিয়েশনেনর মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা উপকমিটির সদস্য সচিব নাজির আহমেদ খন্দকার, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট ব্লক-এ মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মো আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হোসেন মাসুমসহ বিভিন্ন ভবন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউনিট চিফগণ উপস্থিত ছিলেন। কর্মসূচিটির সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠন একাত্মতা ঘোষণা করেন।
উল্লেখ্য, উষার সঙ্গে গত শুক্রবার ডিএনসিসির প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরা হয় প্রশাসকের কাছে। তারই ধারাবাহিকতায় প্রশাসকের সঙ্গে দেখা করে রুপায়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার অনুরোধ জানানো হয়। আর এর পরই পরিচ্ছন্নতা অভিযানে নামে ডিএনসিসি।
ঢাকা শহরের স্মরণাতীতকালের অন্যতম বৃহত্তম এই পরিষ্কার-পরিচ্ছন্নতামূলক অভিযানের জন্য রুয়াপবাসী ও অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অভিযান শেষে ভিডিও বার্তার মাধ্যমে প্রশাসককে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জনাব মফিজুর রহমান ভূঁইয়া জানান, সম্প্রতি ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশের পর রাজধানীর বসুন্ধরার ৩০০ ফিটে যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়; তারপর এটাই এ ধরনের বৃহত্তম কর্মসূচি।
সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজহার আলী মিঞা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ডিএনসিসির এই পরিচ্ছন্নতা অভিযান সবার কল্পনারও বাইরে ছিল! অভূতপূর্ব এই পরিচ্ছন্নতা অভিযান রুয়াপবাসীর মনে আনন্দের জোয়ার বয়ে এনেছে। রুয়াপের প্রতি সুনজর দেওয়ার জন্য ডিএনসিসিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বৃহত্তম পরিকল্পিত আবাসিক প্রজেক্ট রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট এলাকার এ ব্লকে ৬৬৩৬ টি ফ্ল্যাট রয়েছে। বিওসি-তে আরো আট সহস্রাধিক ফ্ল্যাট নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।













