কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ কক্ষে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পরে আত্মহননের চেষ্টা করেন হামলাকারীর নিজেই।
বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন ও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, বেতন সংক্রান্ত বিরোধ ও অন্য বিভাগে বদলিকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান সমাজকল্যাণ বিভাগের সভাপতির কক্ষে ঢুকে তার গলায় ছুরিকাঘাত করেন। পরে অভিযুক্ত নিজ গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা বিভাগীয় সভাপতিকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন জানান, ‘ওই শিক্ষককে হাসপাতালের জরুরি বিভাগে আনা মাত্রই আমরা চিকিৎসা দেবার চেষ্টা করি, তবে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।’













