মানবসভ্যতার দীর্ঘ ইতিহাসে এমন কিছু আবিষ্কার আছে, যা মানুষের জীবনযাত্রাকে একেবারে আমূল বদলে দিয়েছে। আগুনের আবিষ্কার অন্ধকারে আলো জ্বালিয়ে খাদ্য রান্না, নিরাপত্তা ও প্রযুক্তির আদিম ভিত্তি তৈরি করেছিল। চাকার আবিষ্কার মানুষের চলাচল ও বাণিজ্যের গতি বহুগুণ বাড়িয়ে বিশ্বায়নের প্রথম বীজ বপন করেছিল। শিল্পবিপ্লব যন্ত্রশক্তিকে কাজে লাগিয়ে উৎপাদনের নতুন দিগন্ত খুলে দিয়েছিল। ইতিহাসের এই ধারাবাহিকতায় বর্তমান যুগে আরেকটি যুগান্তকারী শক্তি স্পষ্টভাবে আত্মপ্রকাশ করেছে—কৃত্রিম বুদ্ধিমত্তা।
বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকেরা ইতিমধ্যে একবাক্যে বলছেন—মানবসভ্যতা এখন এক বড় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সেই যুগ, যখন মানুষের স্মৃতি, অভিজ্ঞতা, শ্রম ও বিচক্ষণতাই ছিল সভ্যতার প্রধান চালিকাশক্তি। অন্যদিকে শুরু হচ্ছে এমন এক সময়, যখন যন্ত্র কেবল মানুষের সহায়ক নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও সক্রিয় অংশীদার হয়ে উঠছে। ভবিষ্যতের কোনো ইতিহাসবিদ হয়তো মানবসভ্যতার এই পরিবর্তনকে দুই ভাগে দেখবেন—মানুষের একক মেধার যুগ এবং মানুষের নির্মিত বুদ্ধিমত্তার যুগ।
এই নতুন প্রযুক্তির সম্ভাবনা ইতিমধ্যেই নানা ক্ষেত্রে স্পষ্ট হয়ে উঠছে। চিকিৎসাবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক ক্ষেত্রে রোগ নির্ণয়ে মানুষের চোখের চেয়েও সূক্ষ্ম বিশ্লেষণ করতে পারছে। উন্নত হাসপাতালগুলোতে অস্ত্রোপচারের আগে রোগীর অঙ্গসংস্থানের জটিল মানচিত্র বিশ্লেষণ করে যন্ত্রই চিকিৎসককে সহায়তা করছে। কৃষিক্ষেত্রে মাটির গুণাগুণ, আর্দ্রতা, আবহাওয়ার পরিবর্তন ও উৎপাদনের সম্ভাবনা বিশ্লেষণ করে স্মার্ট প্রযুক্তি কৃষকদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। বিচারব্যবস্থায় লক্ষ লক্ষ আগের মামলার নজির বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত যুক্তি ও তথ্য সাজিয়ে দিতে পারছে। অর্থনীতির ক্ষেত্রেও বাজারের অনিশ্চয়তা, ঝুঁকি ও প্রবণতা বিশ্লেষণে অ্যালগরিদমিক প্রযুক্তি ক্রমেই বেশি কার্যকর হয়ে উঠছে।
শিক্ষাক্ষেত্রেও পরিবর্তনের এই স্রোত দ্রুত ছড়িয়ে পড়ছে। আধুনিক শিক্ষাতত্ত্ব বলছে—প্রতিটি শিক্ষার্থীর বুদ্ধির ধরণ ও শেখার গতি এক নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সেই ব্যক্তিগত পার্থক্য বিশ্লেষণ করে শিক্ষার্থীর জন্য আলাদা পাঠক্রম নির্ধারণ করতে পারে। ফলে ভবিষ্যতের বিদ্যালয় হয়তো একক পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল থাকবে না; বরং প্রযুক্তিনির্ভর, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার নতুন মডেল গড়ে উঠবে। এই বাস্তবতা আমাদের একটি গভীর সত্যের দিকে নিয়ে যায়—মানবসভ্যতা ধীরে ধীরে ‘যন্ত্র-সহায়ক’ যুগ থেকে ‘যন্ত্র-নির্দেশিত’ যুগের দিকে এগিয়ে যাচ্ছে।
দূরদর্শী রাষ্ট্রগুলো ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে জাতীয় শিক্ষানীতির কেন্দ্রে স্থান দিতে শুরু করেছে। সিঙ্গাপুর প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ধাপে ধাপে প্রযুক্তি ও এআই শিক্ষা অন্তর্ভুক্ত করেছে। দক্ষিণ কোরিয়া বিদ্যালয় পর্যায়েই কোডিং, ডেটা বিশ্লেষণ ও মেশিন লার্নিংয়ের ভিত্তি গড়ে তুলছে। ইউরোপের অনেক দেশে নাগরিকদের প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে উন্মুক্ত এআই পাঠক্রম চালু হয়েছে। সংযুক্ত আরব আমিরাত তো আরও এক ধাপ এগিয়ে রাষ্ট্রপরিচালনা ও প্রশাসনিক কাঠামোতেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কৌশলগতভাবে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এমনকি সাম্প্রতিক বিভিন্ন সংঘাতেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কথা শোনা যাচ্ছে।
স্পষ্ট যে, যারা আজ প্রযুক্তির এই নতুন অধ্যায়কে গ্রহণ করছে, তারাই আগামী দিনের জ্ঞানভিত্তিক বিশ্বে নেতৃত্ব দেবে। এই প্রেক্ষাপটে আমাদের নিজেদের দিকে তাকানো জরুরি। আমরা কি এই পরিবর্তনের জন্য যথেষ্ট প্রস্তুত? আমাদের শিক্ষাব্যবস্থা কি আগামীর প্রযুক্তিনির্ভর বিশ্বের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে?
যদি তা না হয়, তবে এখনই দরকার সুদূরপ্রসারী পরিকল্পনা। প্রাথমিক স্তরে প্রযুক্তি-সাক্ষরতা, মাধ্যমিকে ডেটা-ভিত্তিক চিন্তা ও অ্যালগরিদমিক যুক্তির ধারণা, আর উচ্চশিক্ষায় মেশিন লার্নিং, রোবোটিক্স ও সাইবার নিরাপত্তার মতো বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি। পাশাপাশি শিক্ষকদেরও আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষিত করে তোলা অপরিহার্য।
মানবসভ্যতার ইতিহাসে একটি নতুন অধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রশ্ন এখন আর এই নয়—কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সমাজকে বদলে দেবে কি না। প্রকৃত প্রশ্ন হলো—এই পরিবর্তনের ইতিহাস আমরা নিজেরা লিখব, নাকি অন্যের লেখা ইতিহাস পড়েই সন্তুষ্ট থাকব?














