শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে দ্যা এলিয়েনসকে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে ফ্রিডম ফাইটার্স। গত ১৫ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত ‘মহান বিজয় দিবস টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫’-এর ফাইনালে এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামল।
রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজের রূপসী টেবিল টেনিস ক্লাবে এক উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়। দাউদকান্দি পৌরসভার কৃতী সন্তান, সরকার গ্রুপ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান মারুফ সরকারের উদ্যোগে এবং রূপসী টেবিল টেনিস ক্লাব-এর সার্বিক তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে হাসান মারুফ সরকার বলেন, স্কুল পর্যায়ে টেবিল টেনিস খেলাকে জনপ্রিয় করতে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে সরকার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে টেবিল টেনিস বোর্ড এবং অন্যান্য সরঞ্জামাদি প্রদান করার আশা পোষণ করেন।
ভবিষ্যতে উপজেলা পর্যায়ে টেবিল টেনিসকে আরও ছড়িয়ে দিতে তিনি নিরলসভাবে কাজ করার আশা নিয়ে সকলের সহযোগিতা চান ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল রহমতুল্লাহ আলামিন বলেন, আমি নিজেও একজন স্পোর্টসম্যান এবং আপনাদের খেলা দেখে যা বুঝলাম, এখানকার অধিকাংশ খেলোয়াড়ের খেলার মান জাতীয় পর্যায়ের। তবে নিজেদের মধ্যেই খেলাধুলাকে সীমাবদ্ধ না রেখে পরবর্তী প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করাটা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, স্বপ্নের বাংলাদেশ গড়তে কিশোরদের খেলাধুলায় মনোযোগী করার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমেই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব।
জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় টিম দ্যা এলিয়েন এবং টিম ফ্রিডম ফাইটার্স। জুরি বোর্ডের সিদ্ধান্তে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় জাহিদ হোসেন সুমন। অপরদিকে টুর্নামেন্টের সেরা সহযোগী প্লেয়ার এওয়ার্ড পান রানার্সআপ দলের হাসান মারুফ।
ইচিবান স্টাডি লিংকের ম্যানেজিং পার্টনার রাগিব শাহরিয়ার বলেন, সরকার গ্রুপের কর্ণধার হাসান মারুফ সরকারের খেলাধুলার প্রতি আগ্রহ সত্যিই প্রশংসনীয়। শত ব্যস্ততার মাঝেও সুস্থ থাকার জন্য আমাদের সকলের খেলাধুলার কোন বিকল্প নেই।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অস্ট্রেলিয়ার কলেজ শিক্ষক জনাব সৌরভ আহমেদ বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল এই এই লাইনটাকে আমরা বইয়ের পাতায় লিপিবদ্ধ করে রেখেছি, কিন্তু এটা কে আমাদের দৈনন্দিন জীবনে অনুধাবন করতে হলে আমাদের চল্লিশোর্ধ সকলকেই অন্তত দশ মিনিট দৌড়ানো উতিচ, যার স্লোগান হবে রান মানে রান।












