রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (রুয়াপ) কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৫ স্থগিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার ও রাজউক সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ বিষয়ে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট ব্লক-এ মালিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, এই নির্বাচন স্থগিত করা অনিবার্য ছিল। কারণ, সোসাইটি অ্যাক্ট অনুযায়ী রুয়াপ সোসাইটি (ব্লক-এ) গঠিত হয়নি। সকল ফ্ল্যাট মালিকের সম্মতিতে গঠনতন্ত্রও অনুমোদন হয়নি।
তিনি আরও জানান, নির্বাচনের জন্য প্রার্থীরা খুব অল্প সময় পেয়েছেন। নির্বাচনি প্রচারণার সময় ছিল মাত্র ৮ দিন। যার কারণে প্রায় ৬ হাজার ভোটারের কাছে এই অল্প সময়ে পৌঁছানো প্রার্থীদের জন্য কঠিন ছিল।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর হাইকোর্টের বিচারপতি সর্দার মো. রশিদ জাহাঙ্গীর ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের বেঞ্চে রুয়াপ নির্বাচন স্থগিত সংক্রান্ত রিট পিটিশনের হেয়ারিং শেষে এই নির্বাচনের ওপর স্টে অর্ডার দেওয়া হয়। পিটিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সজিব আলী জামালী। রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ১৪বি বা করবী-২ ভবনের বাসিন্দা মো. মোবারক উল্যার এক আবেদনের প্রেক্ষিতে এই রিট পিটিশন দায়ের করা হয়।
রুয়াপ নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের পর এখন রাজউকের আপিলের ওপর নির্ভর করছে, কবে নাগাদ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।













