ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গতকাল (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জিয়া মোড় এলাকা থেকে প্রতিবাদি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে।
এসময় প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখা হয়। প্রতিবাদ মিছিলে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা আজকে থেকে শুরু হয়নি; বরং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই হামলা শুরু হয়। জুলাইকে ঘিরে বাংলাদেশপন্থীদের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী লীগের সহযোগীরা। আর তাদের সহযোগিতা করছে ভারত।
এছাড়া ভারতের উদ্দেশ্যে বলা হয়, বিগত ২৪’র জুলাইয়ের আগে ১৫ বছরে বাংলাদেশের যে প্রভুত্ব দেখিয়েছে, সেটি যদি আবার দেখাতে চান, তাহলে দিবাস্বপ্ন দেখবেন। পুরো বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে আপনাদের রুখে দিয়েছে, আগামী দিনে বাংলাদেশপন্থী রাজনীতির বয়ান নির্মাণ করে আপনাদের রুখে দিবে।
উল্লেখ্য, আজ শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো অবস্থায় গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।













