পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী ড. শামীম হামিদী আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের মহান প্রতীক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর (রহ.) কবর জিয়ারতের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন। গতকাল কবর জিয়ারতের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা এনসিপির নেতৃবৃন্দসহ যুবশক্তি, শ্রমশক্তি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ। এ সময় তারা সমবেত দোয়ায় অংশ নেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক অভিযাত্রায় ড. হামিদীর সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
জিয়ারত শেষে নেতাকর্মীদের উষ্ণ সংবর্ধনায় মঠবাড়িয়া প্রবেশ করেন ড. শামীম। মঠবাড়িয়া সদরে পৌঁছালে সর্বস্তরের নাগরিক, তরুণ-যুবসমাজ এবং দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন, যা এলাকায় সৃষ্টি করে এক অভাবনীয় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ। নাগরিকদের প্রত্যাশা ও স্বপ্ন সরাসরি শোনার লক্ষ্যেই তিনি শুরু করেছেন এই `নাগরিক সংযোগ‘ কর্মসূচি। এটি ছিল প্রথম ধাপ, পর্যায়ক্রমে তিনি সকল নাগরিকের কথা শুনতে চান; তাদের সমস্যা সমাধানে কাজ করতে চান।

ড. শামীম হামিদী বলেন, `নতুন বাংলাদেশের রূপকল্প কেবল নীতিগত পরিবর্তন নয়; এটি মানুষের জীবনকে মানবিক, অংশগ্রহণমূলক ও ন্যায়ভিত্তিক উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার।‘
`নাগরিক সংযোগ‘ কর্মসূচিতে তিনি শিক্ষা, কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ, কৃষি ও নদীনির্ভর অর্থনীতির পুনর্জাগরণ এবং প্রযুক্তিভিত্তিক যুবউদ্যোগকে ভবিষ্যৎ মঠবাড়িয়ার প্রধান অগ্রাধিকার হিসেবে উপস্থাপন করেন।
তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি জানান, `আসন্ন জাতীয় নির্বাচনে তিনি তরুণদের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করতে চান—যাতে মঠবাড়িয়ার স্বপ্ন, জনগণের দাবি এবং জাতীয় পুনর্গঠনের অঙ্গীকার সংসদে যথাযথভাবে প্রতিফলিত হয়।‘
ড. শামীম আরও বলেন, `মঠবাড়িয়ার মানুষই আমার শক্তি। শাপলা-কলি প্রতীকে আপনাদের সমর্থনই আমাদের উন্নয়নের কক্ষপথ নিশ্চিত করবে।‘
এ সময় তিনি শান্তিপূর্ণ, যুক্তিবান ও দায়িত্বশীল নাগরিক রাজনীতির চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজনে ছিল জাতীয় নাগরিক পার্টি (NCP), মঠবাড়িয়া উপজেলা শাখা। নাগরিকদের সঙ্গে খোলামেলা আলোচনা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে `নাগরিক সংযোগ‘ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।













