দীর্ঘ সাত বছর আইনি লড়াইয়ের পর অবশেষে ফাইজা তাহসিনা সূচির (১০) সড়ক দুর্ঘটনার মামলার রায় ঘোষণা করা হলো। ১২ মার্চ বৃহস্পতিবার ঢাকার সিএমএম ১৯নং কোর্টের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই রায় ঘোষণা করেন।
রায়ে ২৭৯/৩০৪(খ) ধারা অনুযায়ী আসামী মাইক্রোবাস চালক মো. ফারুক মোল্লাকে ২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। উল্লেখ্য, আদালত থেকে সাজা পরোয়ানা ইস্যু করে আসামিকে গ্রেফতারপূর্বক ইতিমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি সকাল পৌনে আটটার সময় রাজধানীর রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্ট (উত্তরা সেক্টর-১৮) এলাকার ১০ নম্বর ব্রিজের পশ্চিম পাশে স্কুলে যাওয়ার সময় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী ফাইজা মাইক্রোবাসের ধাক্কায় লুটিয়ে পড়ে। চালক প্রথমে গাড়ি ব্রেক করলেও পরে আবার ফাইজার ওপর দিয়ে চালিয়ে দেন। উপস্থিত লোকজন দৌঁড়ে এসে ব্রিজের ওপর থেকে গাড়িটি আটক করেন । এরপর বহু অনুরোধের পর সেই গাড়িতে করে ফাইজাকে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌছামাত্র গাড়ি ও গাড়ির কাগজপত্র রেখে কিছু বোঝার আগেই তৎক্ষণাৎ পালিয়ে যান চালক ফারুক মোল্লা। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে এই সড়ক দুর্ঘটনাটিও সেসময় সারাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।
আদালতের রায়ের পর নিহত ফাইজা তাহসিনা সূচির পিতা সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় আইনি লড়াই চালিয়ে আসছি।অবশেষে মামলার রায় এলো।’
আক্ষেপ প্রকাশ করে ফাইজুল ইসলাম বলেন, ‘এ সংক্রান্ত আইনটি অপর্যাপ্ত, অযুগোপযোগী ও অসংগতিপূর্ণ। এমন একটি রায় দিতেই ৭ বছর লেগে গেল! এই রায় কাউকেই সন্তুষ্ট করবে না। এ নিয়ে আর কীই-বা বলার থাকতে পারে?‘
আইনি প্রক্রিয়ায় সহযোগিতার জন্য অ্যাডভোকেট মকবুল আহমেদ ও সোহাগ ফকিরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান তিনি।













