ইতিমধ্যেই রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঈদযাত্রার স্রোত শুরু হয়েছে। দুঃখজনকভাবে এই আনন্দযাত্রার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে এক নির্মম বাস্তবতা—সড়ক দুর্ঘটনা। গতকাল শনিবার পত্রিকায় প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অন্তত ৩১৪টি এলাকা সড়ক দুর্ঘটনার বিভিন্ন মাত্রার ঝুঁকিতে রয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৩৭ হাজার দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এই অঞ্চলগুলো চিহ্নিত করেছে। এর মধ্যে ১৩৯টি এলাকা অতি দুর্ঘটনাপ্রবণ এবং ১৭৫টি এলাকা দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত।
আরও উদ্বেগজনক বিষয় হলো—এই তালিকার মধ্যে ২১টি অঞ্চলকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ দেশের সড়কপথে এমন অনেক জায়গা আছে, যেখানে দুর্ঘটনা যেন প্রায় নিয়মিত ঘটনার মতো হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো—প্রায় ৮৫ শতাংশ দুর্ঘটনার মূল কারণ অতিরিক্ত গতি। আধুনিক সড়ক ও মহাসড়ক নির্মাণের ফলে যানবাহনের গতি বাড়া স্বাভাবিক; কিন্তু সেই গতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকলে উন্নত সড়কই বিপদের উৎস হয়ে ওঠে। আমাদের দেশে নতুন নতুন মহাসড়ক নির্মাণে বিপুল বিনিয়োগ হচ্ছে; কিন্তু এর পাশাপাশি গতিসীমা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত নজরদারির উন্নয়ন সমান তালে হচ্ছে কি না—তা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষণা প্রতিবেদনে দুর্ঘটনাপ্রবণ হওয়ার পেছনে একাধিক কারণের কথা উল্লেখ করা হয়েছে। কোথাও সড়কের নকশাগত ত্রুটি, কোথাও সড়ক বিভাজক বা সতর্কতামূলক চিহ্নের অভাব, আবার কোথাও সড়কের দুই পাশে অনিয়ন্ত্রিত জনবসতি ও ব্যবসাপ্রতিষ্ঠান দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এসব বিষয় আমরা আগেও একাধিক সম্পাদকীয়তে তুলে ধরেছি। দেখা যায়, মহাসড়কের পাশে অসংখ্য বাস কাউন্টার, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং বিপুলসংখ্যক শ্রমিক রাস্তা পারাপার করে। সড়ক যখন শুধু যানবাহনের চলাচলের পথ না হয়ে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের অংশ হয়ে ওঠে, তখন দুর্ঘটনার আশঙ্কাও স্বাভাবিকভাবেই বেড়ে যায়।
অন্যদিকে একটি বড় সমস্যা হলো দূরপাল্লার চালকদের বিশ্রামের অভাব। দীর্ঘ সময় একটানা গাড়ি চালালে মানুষের মনোযোগ ও প্রতিক্রিয়াশক্তি স্বাভাবিকভাবেই কমে যায়। এই বাস্তবতা বিবেচনায় রেখে ২২৭ কোটি টাকা ব্যয়ে চারটি আধুনিক বিশ্রামাগার নির্মাণ করা হয়েছিল—কুমিল্লার নিমসার, সিরাজগঞ্জের পাঁচলিয়া, মাগুরার লক্ষ্মীকান্দর ও হবিগঞ্জের জগদীশপুরে। কিন্তু দুঃখজনকভাবে নির্মাণকাজ শেষ হওয়ার পরও এই বিশ্রামাগারগুলো চালু করা হয়নি। অর্থাৎ যে অবকাঠামো চালকদের ক্লান্তি দূর করে দুর্ঘটনা কমাতে সহায়ক হতে পারত, সেটিই আজ কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানেই পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে। কেন এই ব্যবধান—তা সত্যিই একটি বড় প্রশ্ন।
সড়ক উন্নয়ন কেবল ইট, বালু ও বিটুমিনের সমষ্টি নয়—এটি একটি সমন্বিত নিরাপত্তাব্যবস্থার অংশ। উন্নত সড়কের সঙ্গে যদি গতিনিয়ন্ত্রণ প্রযুক্তি, কার্যকর ট্রাফিক নজরদারি, প্রশিক্ষিত চালক এবং প্রয়োজনীয় বিশ্রামব্যবস্থা না থাকে, তাহলে সেই উন্নয়ন অনেক সময় নতুন ঝুঁকির জন্ম দেয়। ঈদের সময় এই বাস্তবতা আরও তীব্রভাবে সামনে আসে। কারণ এই সময় সড়কে যানবাহনের সংখ্যা যেমন বাড়ে, তেমনি অনেক চালক দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়নায় গতিসীমা অমান্য করেন। যাত্রীরাও কখনো কখনো দ্রুত যাত্রার চাপ তৈরি করেন। অথচ একটি মুহূর্তের অসাবধানতা যে কত বড় বিপর্যয়ের কারণ হতে পারে, তা আমরা প্রায় প্রতি বছরই সংবাদপত্রের পাতায় দেখি।
অতএব, প্রশ্নটি কেবল অবকাঠামোর নয়—এটি আচরণ ও ব্যবস্থাপনার প্রশ্নও। ঈদ মানে আনন্দের যাত্রা, প্রিয়জনের কাছে ফেরা। তাই মনে রাখা দরকার—সড়কে দ্রুত পৌঁছানো নয়, নিরাপদে পৌঁছানোই প্রকৃত সাফল্য।













