ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শহিদদের স্মরণে শোক র্যালি বের হয়ে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক প্রমুখ।
এছাড়া বিভিন্ন বিভাগ, হল, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র ও সামাজিক সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে। পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘স্বাধীনতার প্রাক্কালে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে শহিদ বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’













