বই এমন এক জাহাজ, যা সময়ের সমুদ্র পাড়ি দিয়ে জ্ঞানকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেয়। ১৯৯৫ সালের ২৩ এপ্রিল ইউনেস্কো প্রথমবারের মতো বিশ্ব বই দিবস উদযাপন শুরু করে। এরপর থেকে প্রতি বছর এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে “বিশ্ব বই ও কপিরাইট দিবস” পালিত হয়ে আসছে। তবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে দিবসটি মার্চ মাসে আলাদাভাবে উদযাপন করা হয়। গতকাল ২৩ এপ্রিল বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
এই দিবসকে কেন্দ্র করে ইউনেস্কো বই শিল্পের বিভিন্ন খাতের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি উপদেষ্টা কমিটির সহায়তায় প্রতি বছর একটি শহরকে “ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল” হিসেবে নির্বাচন করে। নির্বাচিত শহরটি এক বছরের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা, প্রকাশনা শিল্পকে উৎসাহ দেওয়া এবং জ্ঞানচর্চা বিস্তারের লক্ষ্যে নানামুখী কর্মসূচি পরিচালনা করে। ২০২৬ সালের জন্য মরক্কোর রাজধানী রাবাত শহরকে “ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল” হিসেবে মনোনীত করা হয়েছে।
কিন্তু বিশ্বজুড়ে বইয়ের এই উদ্যাপনের বিপরীতে আমাদের দেশের পাঠাভ্যাসের চিত্র বেশ উদ্বেগজনক। আন্তর্জাতিক এক জরিপ অনুযায়ী, বিশ্বের ১০২টি দেশের মধ্যে পাঠাভ্যাসে বাংলাদেশের অবস্থান ৯৭তম। এ দেশের একজন মানুষ বছরে গড়ে মাত্র তিনটি বই পড়েন। পাঠকের অভাবে দেশের বহু পাঠাগার যেন ধীরে ধীরে জাদুঘরে পরিণত হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়ার অভ্যাস আলঝেইমার বা ডিমেনশিয়ার মতো জটিল রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক। বই মানুষকে সহমর্মিতা শেখায়—অন্যের অনুভূতি উপলব্ধি করার ক্ষমতা বাড়ায়। একটি গল্পের চরিত্রের বেদনা যখন পাঠকের হৃদয় স্পর্শ করে, তখন বাস্তব জীবনেও সে মানুষের প্রতি আরও সংবেদনশীল হয়ে ওঠে
অতীতের দিকে তাকালে এক ভিন্ন দৃশ্য চোখে পড়ে। বিকেলে বারান্দায় বসে কিংবা রাতে শোবার আগে বই হাতে নিয়ে ডুবে থাকার এক সহজ-স্বাভাবিক অভ্যাস ছিল তখনকার প্রজন্মের। বিনোদনের মাধ্যম ছিল সীমিত, কিন্তু কল্পনার জগৎ ছিল অসীম। জীবনানন্দ দাসের ‘বনলতা সেন’ কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ ছিল তাদের নিত্যসঙ্গী। আর আজকের প্রজন্ম স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংক্ষিপ্ত কনটেন্টে অভ্যস্ত। কয়েক সেকেন্ডের ভিডিওর ভিড়ে মনোযোগের পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে; ফলে দীর্ঘ উপন্যাসে মনোনিবেশ করা অনেকের কাছেই কষ্টসাধ্য হয়ে উঠেছে।
বর্তমান শিক্ষার্থীদের জীবন সিজিপিএ ও বিসিএসের প্রতিযোগিতামূলক চাপে আবদ্ধ। পাঠ্যবইয়ের ভার সামলে অবসর সময়ে তাদের মানসিক ক্লান্তি এতটাই প্রবল থাকে যে সহজ বিনোদনের জন্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানো বা গেমিংকেই বেছে নেয়। ফলে বই পড়ার অভ্যাস দিন দিন বিলুপ্তির পথে এগোচ্ছে।
আমাদের শিক্ষা ব্যবস্থা ক্রমেই চাকরিমুখী হয়ে উঠছে। “পড়াশোনা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে”—এই প্রবাদকে বাস্তবায়নের তাগিদে আমরা শিক্ষার মৌলিক লক্ষ্য, অর্থাৎ মননশীলতার বিকাশকে অনেকাংশে উপেক্ষা করছি। একাডেমিক সিলেবাসের বাইরে বই পড়াকে অনেক অভিভাবকই অপ্রয়োজনীয় মনে করেন, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে।
অথচ বই পড়া কেবল অবসর বিনোদন নয়; এটি এক ধরনের মানসিক ব্যায়াম। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়ার অভ্যাস আলঝেইমার বা ডিমেনশিয়ার মতো জটিল রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক। বই মানুষকে সহমর্মিতা শেখায়—অন্যের অনুভূতি উপলব্ধি করার ক্ষমতা বাড়ায়। একটি গল্পের চরিত্রের বেদনা যখন পাঠকের হৃদয় স্পর্শ করে, তখন বাস্তব জীবনেও সে মানুষের প্রতি আরও সংবেদনশীল হয়ে ওঠে।
ডিজিটাল স্ক্রিন যেখানে মস্তিষ্ককে ক্রমাগত উত্তেজিত করে, সেখানে বই পড়া মনকে প্রশান্ত করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মানসিক চাপ লাঘব করে।
একটি অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করতে বইয়ের চেয়ে শক্তিশালী হাতিয়ার আর নেই। কুসংস্কার, সংকীর্ণতা ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াইয়ে বইই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই বিশ্ব বই দিবস কেবল একটি আনুষ্ঠানিক উদ্যাপন নয়; এটি আমাদের জন্য এক গভীর আত্মসমালোচনার উপলক্ষ—আমরা কতটা পড়ছি, কতটা জানছি এবং কতটা আলোকিত হচ্ছি, সেই প্রশ্নের মুখোমুখি হওয়ার সময়।
লেখক : তরুণ কলামিস্ট ও শিক্ষার্থী, আইন বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ই-মেইল : nayemaakhter66@gmail.com













