ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বিভাগটির এমএসসি ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায় ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে বিভাগটির সভাপতি ড. তহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘শিক্ষার সমাপনী সনদ কোনো চাকুরীর নিশ্চয়তা বিধান করে না। এটা একজন শিক্ষার্থীকে তার সুন্দরতম একটি ভবিষ্যৎ গঠনে চাকুরীর সংগ্রামে অবতীর্ণ হতে সুযোগ করে দেয়। বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ধারণা থেকে আলাদা। বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের উচ্চস্তরের চর্চা হয়ে থাকে। এখানে জীবন গঠনের ধারণা পূর্ণতা লাভ করে। তাই সফলতা নির্ভর করে কে কীভাবে শিক্ষাজীবনকে চর্চা করেছে তার ওপর।’
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার্থীরা কী পড়তে ভালবাসে এবং কীভাবে সেই বিষয়টি বুঝে পড়াতে পারলে সেখান থেকে একটি সঠিক উপলব্দি তৈরি হবে। এই উপলব্ধিই একজন শিক্ষার্থীকে তার উন্নয়ন তথা সফলতার দিকে নিয়ে যাবে।’













